
দখলদার, চাঁদাবাজ ও মাদককারবারিদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, যারা প্রকাশ্যে মাদকের বিরুদ্ধে কথা বলে কিন্তু গোপনে মাদক ব্যবসার লাভ ভাগ করে নেয়, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় জেলা চিনিকল মাঠে ১০ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনী প্রচারণা সমাবেশে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করা হয়েছে এবং ২০২৬ সালের নির্বাচন নির্ধারণ করবে দেশ সামনের দিকে এগোবে নাকি আবার পুরোনো অনিয়মের পথে ফিরে যাবে।

তিনি বলেন, এই নির্বাচন চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়া হবে নাকি আবার চাঁদাবাজির সংস্কৃতি ফিরে আসবে—তার চূড়ান্ত ফয়সালা দেবে। নির্বাচনকে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার দ্বিতীয় ধাপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অভ্যুত্থানের ধারাবাহিকতায় এগিয়ে যাওয়া না পেছনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত এই ভোটেই হবে।
সমাবেশে তিনি বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসন নিয়ে দ্বিমুখী আচরণকারীদের সমালোচনা করে বলেন, নির্বাচনের সময় জনদরদি সেজে পরে গা-ঢাকা দেওয়া রাজনীতিকদের বিরুদ্ধেও লড়াই অব্যাহত থাকবে।
সমাবেশে বক্তব্য শেষে তিনি বলেন, স্বাধীনতার পর এটাই দেশের জন্য সবচেয়ে বড় সুযোগ। এই সুযোগের যেন অপচয় না হয়। দেশজুড়ে ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।










































