
অবশেষে পর্দা নামল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসরের। গতকাল শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের টুর্নামেন্ট। দলীয় সাফল্যের পাশাপাশি পুরো আসরজুড়ে ব্যক্তিগত নৈপুণ্যে আলো ছড়িয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার।
এবার বিপিএলে মোট প্রাইজমানি ছিল প্রায় ৫ কোটি টাকা। চ্যাম্পিয়ন হিসেবে রাজশাহী ওয়ারিয়র্স পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা, আর রানার-আপ চট্টগ্রাম রয়্যালসের প্রাপ্তি ১ কোটি ৭৫ লাখ টাকা।
ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তানজিদ তামিম। ম্যাচসেরার পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ব্যাটার হয়েছেন পারভেজ হোসেন ইমন, তিনিও পেয়েছেন ৫ লাখ টাকা।
সেরা বোলার ও সর্বোচ্চ উইকেটশিকারির পুরস্কার জিতেছেন শরিফুল ইসলাম। একই সঙ্গে তিনি নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। সব মিলিয়ে শরিফুলের প্রাপ্তি ১৫ লাখ টাকা।
এছাড়া সেরা ফিল্ডার হিসেবে রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাস পেয়েছেন ৩ লাখ টাকা। উদীয়মান পেসার হিসেবে পুরস্কার জিতেছেন রিপন মণ্ডল, তার প্রাপ্তিও ৩ লাখ টাকা।










































