
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা তিন ম্যাচ খেলেও জয়ের দেখা পেল না বাংলাদেশ। সোমবার বুলাওয়েতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। দুটি হার ও একটি পরিত্যক্ত ম্যাচে গ্রুপ পর্বে বাংলাদেশের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার জাওয়াদ আবরারকে হারায় বাংলাদেশ। এরপর রিফাত বেগ ও অধিনায়ক তামিম ৪৬ রানের জুটি গড়লেও তা বড় স্কোরের ভিত্তি গড়ে দিতে পারেনি। রিফাত ৩১ ও তামিম ২০ রান করে আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল। একপর্যায়ে ৩৮.১ ওভারে ১৩৬ রানে অলআউট হয় বাংলাদেশ। শেষদিকে শিশির আহমেদের ১৮ রানে কিছুটা ভর পায় স্কোরবোর্ড।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই একটি উইকেট হারালেও দ্বিতীয় ও তৃতীয় উইকেটে বড় জুটিতে সহজ জয় পায় ইংল্যান্ড। অধিনায়ক থমাস রেও ৫৯ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড জয়ের লক্ষ্য পূরণ করে ১৫৫ বল হাতে রেখেই।










































