
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করলে খুব দ্রুত সময়ের মধ্যে বরেন্দ্র সেচ প্রকল্প, পদ্মা ব্যারেজের নির্মাণকাজে হাত দিতে চাই। আমরা পদ্মা ব্যারেজের কাজে হাত দিবো যতদ্রুত সম্ভব। কারণ এই বরেন্দ্র অঞ্চলের প্রকল্পের সুবিধা ঠাকুরগাঁও থেকে শুরু করে পঞ্চগড়ের কৃষকরা পর্যন্ত পাবেন। আর এটি সম্ভব হবে যদি এ অঞ্চলের প্রতিটি ভোটার ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে আমরা আইটি পার্ককে সচল করতে চাই। আমরা এই বিভাগের ছেলে, মেয়েদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে চাই, যাতে ট্রেনিং পেয়ে তারা ব্যবসা, বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।
তিনি আরও বলেন, শুধু শিক্ষা দিলেই হবে না, শিক্ষার সঙ্গে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। এজন্য আমরা প্রত্যেক মায়ের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ড দল, মত নির্বিশেষে সকল মায়েরা পাবেন। কার্ডের মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে মিনিমাম কিছু সুযোগ সুবিধা পাবেন, যাতে তারা সংসারের ধাক্কাটা সামলে নিতে পারেন।
এসময় তারেক রহমান বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা তাদের কৃষি কার্ড দেব।
এর আগে বিমানযোগে রাজশাহী পৌঁছে প্রথমে শাহ মাখদুম (রাহ:) -এর মাজার জিয়ারত করেন। তারপর তিনি নির্বাচনী সমাবেশে যোগ দেন।









































