শনিবার । মার্চ ২১, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৩০ জানুয়ারি ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ন
শেয়ার

মার্চে পাকিস্তান সিরিজে সাকিবকে খেলাতে চায় বিসিবি


Shakib al hassa

সাকিব আল হাসানকে আবার জাতীয় দলে ফেরানোর পরিকল্পনা প্রকাশ্যেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের লক্ষ্য, আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ দিয়েই সাকিবের প্রত্যাবর্তন ঘটানো। ফর্ম ও ফিটনেস সন্তোষজনক হলে তাঁকে দলে বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছে বিসিবি।

বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানান, বোর্ড সভায় সাকিবকে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, এ বিষয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন এবং আশা করা হচ্ছে, মার্চের পাকিস্তান সিরিজেই সাকিবকে জাতীয় দলে দেখা যাবে।

২০২৪ সালের ৫ আগস্টের গণ–অভ্যুত্থানের পর দেশে ফিরতে না পারা সাকিব এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে বিদায় নিতে চাইলেও মামলার কারণে তা সম্ভব হয়নি। বর্তমান বোর্ড মনে করছে, জাতীয় দলে তাঁর ফেরায় আনুষ্ঠানিক কোনো বাধা নেই এবং দেশের মাটিতে খেলে বিদায় নেওয়ার সুযোগ পাওয়া উচিত।

সাকিবের বিরুদ্ধে মামলা এখনো থাকলেও বিসিবির ধারণা, সরকারের মনোভাব ইতিবাচক। নিউইয়র্কে অবস্থানরত সাকিব নিজেও আবার বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী এবং পাকিস্তান সিরিজকেই ফেরার লক্ষ্য হিসেবে দেখছেন।