শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৩১ জানুয়ারি ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
শেয়ার

মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ বিসিবির


Mirpur-Stadium

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশ সীমিত করে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির নির্ধারিত কোনো ইভেন্ট ছাড়া এখন থেকে গণমাধ্যমকর্মীরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের জন্য স্টেডিয়ামে প্রবেশের একমাত্র পথ হিসেবে ১ নম্বর গেট নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি এখন থেকে শুধু ম্যাচ ডে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আমন্ত্রণমূলক অনুষ্ঠান এবং বিসিবি কর্তৃক আগে থেকে নির্ধারিত ও জানানো ট্রেনিং কিংবা প্র্যাকটিস সেশন কাভার করার ক্ষেত্রেই গণমাধ্যমকর্মীরা স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাবেন।

বিসিবি জানিয়েছে, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ভেন্যু ও বিসিবি কার্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করা হয়েছে।

নতুন নির্দেশনার ফলে এখন থেকে বিসিবির অনুমোদন ছাড়া সাংবাদিকদের জন্য স্টেডিয়ামে প্রবেশের সুযোগ থাকছে না।