বুধবার । মার্চ ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ধর্ম ১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৮ পূর্বাহ্ন
শেয়ার

শুভ মাঘী পূর্ণিমা আজ


maghi-purnima

ছবি: সংগৃহীত

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) শুভ মাঘী পূর্ণিমা। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও ঐতিহাসিক উৎসবটি যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে রাজধানী ঢাকাসহ সারা দেশে উদযাপিত হচ্ছে।

মাঘী পূর্ণিমা উপলক্ষে আজ ও আগামীকাল বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৌদ্ধ বিহার ও প্যাগোডাগুলোতে আলোকসজ্জাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।

রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আজকের অনুষ্ঠানের মধ্যে রয়েছে—ভিক্ষু সংঘের প্রাতরাশ গ্রহণ, বুদ্ধপূজা ও সীবলী পূজা, বুদ্ধমূর্তি ও সীবলী মূর্তির জীবন্যাস, অষ্টপরিষ্কারসহ সংঘদান, ভিক্ষু সংঘের পিণ্ডদান, অতিথি ভোজন, পবিত্র ত্রিপিটক পাঠ ও ধর্মীয় আলোচনাসভা।

এ ছাড়া দেশের সব বৌদ্ধ বিহারে বুদ্ধপূজা ও ধর্মীয় কার্যাদি সম্পন্নের পর বিকেলে ধর্মীয় আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ও রাতে সম্মিলিত প্রার্থনার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হবে।

বৌদ্ধ ভিক্ষুদের মতে, এই পূর্ণিমা তিথিতেই তথাগত বুদ্ধ তাঁর ভিক্ষুসংঘের কাছে নিজের মহাপরিনির্বাণের ঘোষণা দেন। তিনি জানান, মাঘী পূর্ণিমার তিন মাস পর বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি দেহত্যাগ করবেন।

এই ঐতিহাসিক উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধের অনিত্য ভাবনা স্মরণ করেন, ধ্যান-সমাধিতে মনোনিবেশ করেন এবং শীলময় ও বিশুদ্ধ জীবন গঠনের সংকল্প গ্রহণ করেন।