
ফাইল ছবি
পবিত্র শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এই রাতে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
সোমবার (২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা পবিত্র শবেবরাত উপলক্ষে দেওয়া বাণীতে এসব কথা বলেন। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবেবরাত।
বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র শবেবরাত আমাদের জীবনে রহমত, মাগফেরাত এবং আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ। হাদিসে বর্ণিত আছে, এ রাতে আল্লাহ তাঁর বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন। তাই মুসলমানরা এই রাতকে সৌভাগ্যময় ও পবিত্র রজনি হিসেবে বিশ্বাস করে।
তিনি আরও বলেন, “মহিমান্বিত এ রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা অর্জন সম্ভব। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার প্রচেষ্টার মাধ্যমে আমরা আল্লাহর অসীম অনুগ্রহ, বরকত ও মাগফেরাত অর্জন করতে পারি।”
প্রধান উপদেষ্টা সকল মুসলিমকে আহ্বান জানান, পবিত্র শবেবরাতকে আল্লাহর রহমত লাভের সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করতে এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করতে। তিনি বলেন, সব অন্যায়, অবিচার ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের অনুপম সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করা যাক।
তিনি শেষ করেন, “সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা ও হেফাজত করুন। আমিন।”





































