
ফাইল ছবি
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসিকে ‘ভারতীয় রাজনৈতিক প্রভাবের কাছে জিম্মি’ আখ্যা দিয়ে নতুন একটি বৈশ্বিক ক্রিকেট সংস্থা গঠনের দাবি তুলেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন।
মূলত ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই দাবি সামনে এসেছে।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে বিশ্বকাপ শুরু হওয়ার কথা থাকলেও পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে নির্ধারিত ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান কেন এই ম্যাচ বর্জন করছে, তার সুনির্দিষ্ট কোনো কারণ প্রকাশ না করলেও খাজা আসিফ মনে করেন, আইসিসি আর নিরপেক্ষ নেই এবং এটি এখন একটি নির্দিষ্ট দেশের রাজনৈতিক স্বার্থে পরিচালিত হচ্ছে।
পাকিস্তানের এই অবস্থানের পেছনে সাম্প্রতিক কিছু সিদ্ধান্তও বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে, ভারত থেকে ম্যাচ সরানোর অনুরোধের বিপরীতে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করায় পাকিস্তান প্রকাশ্যে অসন্তোষ জানায়। খাজা আসিফ দাবি করেন, ক্রিকেটের আসল স্পিরিট টিকিয়ে রাখতে হলে আইসিসির বিকল্প সংস্থা গঠন করা এখন জরুরি।
বিশ্ব ক্রিকেটে ভারতের বিশাল আর্থিক প্রভাব এবং আইপিএল থেকে প্রাপ্ত বিশাল আয় আইসিসিকে ভারতের ওপর নির্ভরশীল করে তুলেছে বলে অনেক সমালোচক মনে করেন। এছাড়া আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র হওয়ায় এই রাজনৈতিক প্রভাবের অভিযোগ আরও জোরালো হয়েছে।
২০১২ সালের পর থেকে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকলেও এখন বিশ্বকাপের ম্যাচ বর্জনের এই সিদ্ধান্ত ক্রিকেটের বৈশ্বিক স্থিতিশীলতাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে।











































