
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনকে ঘিরে রাজধানীর কেন্দ্রীয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের পর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর আশপাশের এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় যমুনা ও সংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এর আগে যমুনার নিরাপত্তা জোরদারে রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়। বিজিবি মোতায়েনের পরপরই ডিএমপির পক্ষ থেকে ওই এলাকায় ১৪৪ ধারা কার্যকর করা হয়।
এদিকে শহীদ শরীফ ওসনান হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ‘ইনকিলাব মঞ্চ’। আজ জুমার নামাজের পর সংগঠনটির পক্ষ থেকে সবাইকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের চলমান আন্দোলন ঘিরে শুক্রবার সকাল থেকেই রাজধানীর শাহবাগ, কাকরাইল ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।







































