শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫১ অপরাহ্ন
শেয়ার

যমুনা এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি: ডিএমপি


DMP

ফাইল ছবি

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যমুনা ও সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও শুক্রবার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। তবে এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বলে পুলিশের নজরে এসেছে।

ডিএমপি জানায়, সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও আইনানুগ প্রক্রিয়ায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে এবং এ সময় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি।

ওই ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হন। একই সঙ্গে কয়েকজন বিক্ষোভকারীও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।