শনিবার । মার্চ ২১, ২০২৬
বিনোদন ডেস্ক বিনোদন ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শেয়ার

ফোনে পরীমনিকে হত্যার হুমকি, অডিও প্রকাশ


porimoni

ছবি: সংগৃহীত

চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি ফোনে হত্যার হুমকির শিকার হয়েছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি অডিও ক্লিপ শেয়ার করে বিষয়টি জানান তিনি।

পরীমণি জানিয়েছেন, হঠাৎ একটি অচেনা, বিদেশি নম্বর থেকে তাকে কল করা হয়। কল রিসিভ করার সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে অকথ্য ভাষায় গালাগাল করা শুরু হয় এবং পরবর্তীতে তাকে হত্যা করার হুমকি দেওয়া হয়।

তিনি বলেন, কল করা ব্যক্তি ভোট নিয়ে কিছু কথা বলেন এবং আমাকে সোশ্যাল মিডিয়ায় ভোট সংক্রান্ত কোনো পোস্ট বা শেয়ার না করার জন্য সতর্ক করেন। একপর্যায়ে গুলি করে হত্যা করার হুমকি দেন।

অভিনেত্রী জানিয়েছেন, এমন ভয়ঙ্কর ঘটনার পরও বিষয়টি গোপন না রেখে সবাইকে জানানোই তার উদ্দেশ্য। তবে এখন পর্যন্ত তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

পরীমণি শেয়ার করা অডিওটি তিনি বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী ও সিআইডির অফিসিয়াল ফেসবুক পেজকে মেনশন করেছেন। তবে ঘটনার উৎস কী সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

এ ঘটনায় পরীমণি, ভক্ত ও চলচ্চিত্র সমাজের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। তার নিজস্ব নিরাপত্তা ও আইনগত সহায়তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবিও উঠেছে।

প্রসঙ্গত, চিত্রনায়িকা পরীমণি আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ‘রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচনকর্মী পাঠানো’ নিয়ে একটি প্রথম শ্রেণির সংবাদমাধ্যমের নিউজ নিজের ফেসবুক পেজে শেয়ার করেন। তার মাত্র ১ ঘণ্টা পরই হত্যার হুমকির অডিও আপলোড করেন তিনি।