রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২২ অপরাহ্ন
শেয়ার

পরিবর্তন ও ঐক্যের বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমিরের


Jamat-Amir

দেশের মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি মহল সেই পরিবর্তনের বিরোধিতা করছে, কারণ পরিবর্তন হলে তাদের অপকর্ম ও মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে।

সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, প্রচলিত রাজনৈতিক ধারা বদলে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়াই তাঁর লক্ষ্য। বিভেদ ও বিভাজনের রাজনীতি থেকে দেশকে মুক্ত করে মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে চান বলেও জানান তিনি।

ভাষণে ডা. শফিকুর রহমান বলেন, তরুণ প্রজন্ম একটি নতুন বাংলাদেশ দেখতে চায় এবং দেশের ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব এই তরুণদের হাতেই তুলে দিতে হবে। তিনি জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করেন এবং বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা থেকেই সেই আন্দোলনের জন্ম হয়েছিল।

গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার নিশ্চিত করতে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করা হয়েছে। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি দুর্নীতি, ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও বেকারত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথাও বলেন।

নারী অধিকার, সংখ্যালঘুদের নিরাপত্তা, সুশাসন, ইনসাফ ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে সবার—যেখানে ধর্ম ও পরিচয় নির্বিশেষে সকল নাগরিক মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বসবাস করবে।

শেষে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।