
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটি শুরু হয়েছে। এ ছুটি চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
এদিকে নির্বাচন ও পূজার ছুটি মিলিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়েছে আজ থেকে, যা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি ছুটি নির্ধারিত রয়েছে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি পড়েছে। পাশাপাশি ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে মোট পাঁচ দিনের ছুটি হচ্ছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে ১১ ফেব্রুয়ারি এবং ভোটের দিন ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছিল।
উল্লেখ্য, এ বিষয়ে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন করতে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি বহাল থাকবে।






































