
নির্বাচনে ভোট দেওয়ার পরও ভোট চুরি হতে পারে—এমন আশঙ্কার কথা তুলে ধরে ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ যেন ভোটকেন্দ্র না ছাড়েন, সে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ’ বিপুল ভোটে বিজয়ী হবে—এমন প্রত্যাশা রয়েছে। তাঁর দাবি, ‘হ্যাঁ’ বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে এবং জুলাই বাস্তবায়িত হবে। একই সঙ্গে আবরারসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হবে বলেও মন্তব্য করেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, ১১ দলীয় জোট বরাবরই সংস্কার ও পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়ে আসছে।
তিনি আরও বলেন, সমাজের সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা গেলে বর্তমান অবস্থা থেকে দেশ অনেক দূর এগোতে পারবে। তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, তরুণরা দয়া নয়, কাজ চায় এবং দেশের উন্নয়নে অংশীদার হতে চায়। সে লক্ষ্যেই তরুণদের হাতে দেশের দায়িত্ব তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
২০০৮ সালের পর দেশে গণরায়ের প্রতিফলন হয়নি—এমন দাবি করে জামায়াত আমির বলেন, এবারের নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। গ্রামাঞ্চলের ভোটাররা আগ্রহ নিয়ে নিজ নিজ এলাকায় ফিরছেন বলেও তিনি উল্লেখ করেন। তাঁর আশাবাদ, গণরায় প্রতিফলিত হলে বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক ধারায় অগ্রসর হবে।
নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্তদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ন্যায়নিষ্ঠভাবে দায়িত্ব পালন করা সবার কর্তব্য। এতে জনগণের আস্থা ও সম্মান অর্জিত হবে।






































