রবিবার । মার্চ ২২, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক জাতীয় ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪৩ অপরাহ্ন
শেয়ার

কৃত্রিম হৃদপিণ্ড ও ফুসফুসের যন্ত্র তৈরিতে বড় সাফল্য


heart

কৃত্রিম হৃদপিণ্ড ও ফুসফুসের যন্ত্র হিসেবে পরিচিত ‘একমো’ মেশিনের যন্ত্রাংশ তৈরির মূল উপাদান ৪-মিথাইল-১-পেন্টিন উৎপাদিত হয়েছে চীনের চেচিয়াং প্রদেশের নিংবোতে।

পরীক্ষায় দেখা গেছে, উৎপাদিত এই রাসায়নিক উপাদানটির গড় বিশুদ্ধতা ৯৮ শতাংশের বেশি, যা আন্তর্জাতিক মানদণ্ডে অত্যন্ত সফল হিসেবে বিবেচিত হচ্ছে।

এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন বা ‘একমো’ হলো এমন একটি উন্নত চিকিৎসা পদ্ধতি, যা মারাত্মক হৃদরোগ বা শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে ব্যবহৃত হয়। এটি মূলত বাইরে থেকে রোগীর হৃদপিণ্ড ও ফুসফুসের কাজ চালিয়ে যায়। এই যন্ত্রের মেমব্রেন বা সূক্ষ্ম পর্দা তৈরির জন্য ‘৪-মিথাইল-১-পেন্টিন’ একটি অপরিহার্য উপাদান। এতদিন এই বিশেষ উপাদানের জন্য চীনকে মূলত আমদানির ওপর নির্ভর করতে হতো।

পেট্রোকেমিক্যাল কারখানায় এই উপাদানের সফল উৎপাদন চীনের চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে নতুন গতির সঞ্চার করবে। এর ফলে ‘একমো’র মতো ব্যয়বহুল জীবনরক্ষাকারী যন্ত্রের উৎপাদন খরচ যেমন কমবে, তেমনি বিদেশের ওপর নির্ভরতা কাটিয়ে চীন স্বনির্ভর হতে পারবে।

বিশেষজ্ঞদের মতে, ৯৮ শতাংশের বেশি বিশুদ্ধতার এই কাঁচামাল দিয়ে এখন থেকে উন্নত মানের একমো মেমব্রেন তৈরি করা সম্ভব হবে, যা বৈশ্বিক চিকিৎসা প্রযুক্তিতে চীনের অবস্থানকে আরও শক্তিশালী করবে।