রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শেয়ার

নির্বাচনের আগের রাতে জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির


BNP

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে ১২৭টি অভিযোগ উত্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অভিযোগগুলোর মধ্যে রয়েছে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, কেন্দ্র দখলের অপচেষ্টা, জালভোট প্রদান এবং হিন্দু ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক শক্তিগুলো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনে অংশ নেবে—এমন প্রত্যাশা ছিল। কিন্তু নির্বাচনে জয়লাভের উদ্দেশ্যে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম খান অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া তথ্য ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচনের আগের রাতে প্রার্থীরা কেন্দ্র পরিচালনার খরচ পাঠিয়ে থাকেন—এটি একটি প্রচলিত প্রক্রিয়া। কিন্তু লক্ষ্মীপুরে বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির কেন্দ্র খরচের ১৫ লাখ টাকা নিয়েও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

বিএনপি নির্বাচন কমিশনের কাছে এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।