
কয়েক ঘন্টা পরেই ভোট। আপনার ভোট কেন্দ্র কোনটি, সিরিয়াল নম্বর কত এবং কীভাবে ভোটার স্লিপ পাবেন জানা নেই? এ বিষয়ের সমাধানে চারটি সহজ পদ্ধতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্রে জানা গেছে, ভোটাররা নির্বাচন কমিশনের ওয়েবসাইট, ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ, মোবাইল এসএমএস এবং হটলাইন নম্বরে কল করে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
হটলাইন নম্বর ১০৫-এ ফোন করে সরাসরি অপারেটরের সঙ্গে কথা বলা যাবে। এজন্য কল করার পর ৯ চাপতে হবে। এরপর ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্মতারিখ জানালে ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের নাম জানিয়ে দেওয়া হবে।
এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইট কিংবা ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপে এনআইডি নম্বর ও জন্মতারিখ প্রদান করেও ভোটকেন্দ্র, সিরিয়াল নম্বর এবং ভোটার স্লিপ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
ভোটার স্লিপ হলো একটি তথ্যপত্র, যেখানে ভোটারের নাম, ভোটার নম্বর এবং নির্ধারিত ভোটকেন্দ্রের নাম উল্লেখ থাকে। নির্বাচন কমিশন ভোটারদের আগেভাগেই এসব তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে, যাতে ভোটের দিন কোনো ধরনের বিভ্রান্তি না হয়।






































