শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
শেয়ার

নির্ধারিত সময় পার হলেও বছিলায় নারী ভোটারদের দীর্ঘ সারি


basila voteঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের নির্ধারিত সময় বিকেল সাড়ে ৪টায় শেষ হওয়ার কথা থাকলেও রাজধানীর বছিলা পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে ভিন্ন চিত্র। সময় পেরিয়ে যাওয়ার পরও নারী ভোটারদের দীর্ঘ লাইন থাকায় ৫টার পরও সেখানে ভোটগ্রহণ অব্যাহত রেখেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিকেল ৫টা ১০ মিনিটের দিকেও ছিল  ৫০ জনেরও বেশি নারী ভোটার তখনও ব্যালট পেপার হাতে নিজেদের অধিকার প্রয়োগের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছেন।

বছিলা পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি শুধুমাত্র নারী ভোটারদের জন্য নির্ধারিত। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৮৩২ জন। প্রিজাইডিং কর্মকর্তার দেওয়া তথ্যমতে, দুপুর ৩টা পর্যন্ত এই কেন্দ্রে ১ হাজার ৭৫০ জন নারী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা শতাংশের হিসেবে প্রায় ৪৫.৬%। তবে বিকেলের দিকে ভোটারদের চাপ আরও বৃদ্ধি পাওয়ায় ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হলেও লাইনে দাঁড়ানো ভোটারদের ফিরিয়ে দেয়নি কেন্দ্র কর্তৃপক্ষ।

বিদ্যালয়টির দ্বিতীয় তলায় দেখা যায়, লাইনে দাঁড়ানো নারীদের মধ্যে উৎসবের আমেজ ও ধৈর্য লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, বিকেল সাড়ে ৪টার মধ্যে যারা কেন্দ্র প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন, তাদের সবার ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে।

বছিলার এই কেন্দ্রের উপচে পড়া ভিড় প্রমাণ করছে যে, শেষ মুহূর্ত পর্যন্ত সাধারণ ভোটারদের মধ্যে কেন্দ্রে আসার বিশেষ আগ্রহ ছিল।