
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন জানাবে বিএনপি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আইন অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণের (এক্সট্রাডিশন) দাবি জানানো হবে। এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যকার রাষ্ট্রীয় প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন হবে এবং ভারত সরকারের কাছে তাকে বিচারের জন্য ফেরত পাঠানোর দাবি জানানো হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পথে থাকা বিএনপি সরকারের অগ্রাধিকার প্রসঙ্গে তিনি বলেন, নতুন সরকার তিনটি বিষয়কে সবচেয়ে গুরুত্ব দেবে—আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল।
তিনি আরও বলেন, নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র চর্চার ভিত্তি তৈরি হয়েছে এবং এই গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে।
রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে তিনি জানান, বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি জুলাই জাতীয় সনদকে একটি রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।
বিএনপির এই জয়কে বহুল প্রত্যাশিত উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেন, বিজয়ী প্রার্থীদের বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ নির্বাচন কমিশন।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদার ভিত্তিতে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে, যেখানে সমতা ও পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।










































