শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
শেয়ার

‘ভোট ইঞ্জিনিয়ারিং করেও লাভ হয়নি, জয় জনগণেরই’


Mirza-Abbas

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, একটি বিশেষ গোষ্ঠী ব্যাপক ‘ভোট ইঞ্জিয়ারিং’ চালালেও শেষ পর্যন্ত জয়ী হতে পারেনি। তবে বিজয়ের মধ্যেও এমন কারচুপির অপচেষ্টাকে তিনি জাতির জন্য ‘অশুভ লক্ষণ’ বলে আখ্যায়িত করেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাহানপুর এলাকায় জুমার নামাজ শেষে নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনে অসংখ্য ব্যালট অন্যায়ভাবে বাতিল করা হয়েছে।

মির্জা আব্বাস বলেন, একটি গোষ্ঠী সুকৌশলে জনগণের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল। তবে জনসমর্থনের ঢেউয়ের কাছে সেই ইঞ্জিনিয়ারিং টেকেনি।

ঢাকা–৮ আসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রাপ্ত ভোটের সংখ্যা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, সংশ্লিষ্ট পক্ষের দৃশ্যমান জনভিত্তি না থাকলেও এত ভোট পাওয়া পর্দার আড়ালের কারসাজির ইঙ্গিত দেয়।

পুনরায় ভোট গণনার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে পুনর্গণনা বা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সম্পূর্ণভাবে বাংলাদেশ নির্বাচন কমিশনের।

একই সঙ্গে দীর্ঘদিন পর বিএনপির নিরঙ্কুশ বিজয়ের প্রেক্ষাপটে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ পুনর্গঠনের কাজে সবাইকে ধৈর্য ধরতে হবে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।