
ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে আগামীকাল মাঠে নামছে ভারত ও পাকিস্তান। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে চার পয়েন্ট সংগ্রহ করেছে দুই দলই। ফলে এই ম্যাচে জয়লাভের মাধ্যমে সুপার এইট নিশ্চিত করার লক্ষ্য উভয় দলের।
ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, খেলার আগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে টস দেরিতে হতে পারে বা ওভার কমিয়ে খেলা হতে পারে।
পাকিস্তান দল শুরু করেছে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় দিয়ে। দলের সাবেক অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, ভারত ম্যাচেও সুপার এইট নিশ্চিত করতে দল খোশমেজাজে মাঠে নামবে। তিনি খেলোয়াড়দের শান্ত ও চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন, যাতে উত্তেজনা খেলায় প্রভাব না ফেলে।
ভারতও নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জয় লাভ করেছে। ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী বলেন, শ্রীলঙ্কার কন্ডিশনে পাকিস্তান দুই ম্যাচ খেলে মানিয়ে নিয়েছে, তবে তার বিশ্বাস, দল হিসাবে ভারত আরও ভালো প্রস্তুত।
এর আগে টি-টোয়েন্টিতে ১৬ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান; যার মধ্যে ভারতের জয় ১২টিতে, পাকিস্তানের জয় ৩টিতে এবং ১ ম্যাচ টাই হয়েছে।
পাকিস্তান: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফা, মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান, উসমান তারিক।
ভারত: সুর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জসপ্রিত বুমরাহ, হার্ষিত রানা, আর্শদিপ সিং, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ইশান কিশান।










































