স্বল্পচাপের পরিস্থিতি আগামীকাল ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে
টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে রাজধানীসহ তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জানিয়েছে, একটি ভাসমান এলএনজি টার্মিনাল সাময়িকভাবে বন্ধ থাকায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আশঙ্কাজনকভাবে কমে গেছে। এর ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পকারখানাসহ সব ধরনের গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ তৈরি হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসের এই স্বল্পচাপের পরিস্থিতি আগামীকাল ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। হঠাৎ এই গ্যাস সংকটের ফলে আবাসিক এলাকায় রান্নার কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্পকারখানার উৎপাদনেও বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ছুটির দিন শেষে সপ্তাহের শুরুতে গ্রাহকদের চরম ভোগান্তির মুখে পড়তে হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। সাময়িক এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ১৬ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।







































