
ফাইল ছবি
রাজধানীর কদমতলীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় মো. জানভীর ইব্রাহিম (২২) নামে এক ছাত্রনেতাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত জানভীর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র কদমতলী থানার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ডের ‘পুতুলবাড়ি’ রেস্টুরেন্টের সামনে এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, জানভীর রায়েরবাগে তাঁর বোনের বাসা থেকে নিজের বাসায় ফিরছিলেন। পথে ৩-৪ জন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত অন্ধকার থেকে বেরিয়ে অতর্কিতে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলাকারীরা জানভীরের ডান কাঁধ ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
আহত জানভীর ইব্রাহিম নারায়ণগঞ্জের সোনারগাঁ ইউনিভার্সিটির সম্মান প্রথম বর্ষের ছাত্র। তিনি কদমতলীর শনিরআখড়া গোয়ালবাড়ি মোড় এলাকায় বসবাস করেন।
রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, জানভীরের পিঠে ও কাঁধে গভীর ক্ষত রয়েছে।
ঘটনাটি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে। তবে কারা এবং কী কারণে এই হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।






































