শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৪ পূর্বাহ্ন
শেয়ার

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে জিএম কাদেরের অভিনন্দন


tarek-gm-kader

ছবি: সংগৃহীত

নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন বার্তা দেন।

বার্তায় তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও সাফল্য কামনা করে জিএম কাদের বলেন, জনগণ তাকে ও তার দলের ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা তিনি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে সক্ষম হবেন বলে তিনি বিশ্বাস করেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে দ্রুত আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং সাংবিধানিক ধারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সংবিধানে উল্লেখিত মুক্তিযুদ্ধের চেতনা, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিসত্তার নিরাপত্তা এবং নারী অধিকারসহ সব সাংবিধানিক অধিকার জনগণ যথাযথভাবে ভোগ করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে নাগরিকরা তাদের ন্যায্য আইনি অধিকার ফিরে পাবে।

দেশের অর্থনীতির প্রসঙ্গ তুলে জাপা চেয়ারম্যান বলেন, নানা প্রতিকূলতার কারণে অর্থনীতি যে ক্ষতির মুখে পড়েছে, তারেক রহমানের নেতৃত্বে তা পুনরুদ্ধার ও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে বলে তিনি প্রত্যাশা করেন।