
ছবি : সংগৃহীত
ফজরের নামাজের পরপরই রাজধানীর রাস্তায় ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় তিনি এই কর্মসূচিতে অংশ নেন।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়ব।” তিনি আরও উল্লেখ করেন যে, নাগরিকরা যদি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখেন, তবেই পুরো দেশ পরিষ্কার হয়ে যাবে।
রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, “জুলাইয়ের আন্দোলন না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং আমিও বিরোধীদলীয় প্রধান হতে পারতাম না।” তাই সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা সবার নৈতিক দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।
গত মঙ্গলবার ‘ক্লিন ঢাকা মহানগরী’ নামে এই বিশেষ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই ঘোষণার অংশ হিসেবে আজ সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।
এই কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। অভিযানের আওতায় বিভিন্ন এলাকার মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও বাজারের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।









































