
আজাদ মজুমদার ও মাহবুব মোর্শেদ
অন্তর্বর্তী সরকারের বিভিন্ন নিয়োগের মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে মাহবুব মোর্শেদের নিয়োগকে ‘সবচেয়ে অযোগ্য’ নিয়োগ বলে মন্তব্য করেছেন আজাদ মজুমদার।
আজাদ মজুমদার সদ্য সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, ‘অন্তর্বর্তী সরকারের যত নিয়োগ ছিল, তার মধ্যে সবচেয়ে অযোগ্য ছিল মাহবুব মোর্শেদ। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে দায়িত্ব পালনকালে তার কোনো সহযোগিতাই পাইনি। একবার তো গুমের রিপোর্টই সে গুম করে দিয়েছে। যে রিপোর্টার এই রিপোর্ট করেছে, তাকে অবর্ণনীয় হয়রানির শিকার হতে হয়েছে।’
আজাদ মজুমদার আরও লেখেন, ‘মাহবুব মোর্শেদকে সরিয়ে দেওয়ার বিষয়টি বহুবার আলোচনা হয়েছে। শুধুমাত্র একজন প্রভাবশালী ব্যক্তির প্রিয়পাত্র হওয়ায়- তা সম্ভব হয়নি। তার নিয়োগটি বাতিলযোগ্য ছিল। তাকে বিদায় করার জন্য গা-জোয়ারির (বলপ্রয়োগ) বিষয়টি সমর্থনযোগ্য নয়।’
এ বিষয়ে মাহবুব মোর্শেদের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।







































