
শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের প্রেস ব্রিফিং
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বদলিতে আর কোনো বাণিজ্য হতে দেওয়া হবে না। থাকবে না কোনো সিন্ডিকেট। শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অ্যাপভিত্তিক করা হবে এবং সময়মত শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দেয়া হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, অতীতে মব করে অটো পাস নেয়া ও পরীক্ষা বন্ধ করা হয়েছে। আবার ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকরা রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন তবে এটা আর হতে দেয়া হবে না। আমাদের লক্ষ্য এসব দুর করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো।
তিনি আরও বলেন, এরআগে মন্ত্রীত্বের সময় আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, এখানে দুর্নীতির কোনো স্থান নেই এবং পাবেও না। বাংলাদেশে নকল বিরোধী অভিযানের আর দরকার হবে না।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা কারিকুলাম রিভিউ করা হবে এবং এখাতকে আধুনিকায়ন করা হবে।
নতুন শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও সরকারি নিয়মনীতির আওতায় আনা হবে এবং কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কোনো অপরাধ করলে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।




































