
ফািইল ছবি
শপথ ও বিরোধীদলীয় নেতৃত্ব নির্বাচন শেষ হওয়ার পর জাতীয় সংসদে সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিল–বাজেট ও স্থায়ী কমিটির কাজ সম্পর্কে ধারণা দিতে দলটি দুই দিনের ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ আয়োজন করে।
দলীয় সূত্রে জানা গেছে, বুধবার রাজধানী ঢাকার মগবাজার এলাকায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন মিলনায়তনে শুরু হওয়া এই কর্মশালা, শেষ হয় বৃহস্পতিবার দুপুরে। এতে সংসদ সদস্যদের দায়িত্ব, বিরোধী দলের কৌশলগত ভূমিকা, সংসদীয় প্রোটোকল ও স্থায়ী কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জাতীয় সংসদে একটি ইতিবাচক ও গ্রহণযোগ্য ভূমিকা রাখতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালায় অংশ নেওয়া ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান (মিলন) জানান, নতুন সংসদ সদস্যদের জন্য এটি ছিল প্রয়োজনীয় একটি অভ্যন্তরীণ প্রস্তুতিমূলক কর্মসূচি।
দলীয় সূত্র জানায়, ভবিষ্যতে বাজেট ও গুরুত্বপূর্ণ অধিবেশন সামনে রেখে এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মশালা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।









































