
আহমেদাবাদে সুপার এইটের ম্যাচে ভারতকে একপ্রকার হেসেখেলেই হারাল দক্ষিণ আফ্রিকা। টস জিতে আগে ব্যাটিং করে প্রোটিয়ারা তোলে ৭ উইকেটে ১৮৭ রান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ভারত মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায়।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২০ রানের মধ্যেই তিন উইকেট হারায় তারা। তবে এরপর ডেভাল্ড ব্রেভিস ও ডেভিড মিলারের দলের ইনিংস সামাল দেন। তাদের দৃঢ় জুটিতে ১০ ওভারেই দলের সংগ্রহ ৮০ রান ছাড়ায় এবং মাত্র ৬৭ বলে আসে দলীয় ১০০ রান।
দুজনের ৯৭ রানের জুটি ভাঙেন শিবম দুবে। ব্রেভিস ২৯ বলে ৪৫ রান করে আউট হন। এরপর মিলার ও ত্রিস্তান স্টাবসের ব্যাটে ভর করেই বড় সংগ্রহ পায় প্রোটিয়ারা। মিলার ৩৫ বলে ৬৩ রান করেন এবং স্টাবস অপরাজিত থাকেন ২৪ বলে ৪৪ রানে।
ভারতের পক্ষে বোলিংয়ে জশপ্রীত বুমরাহ তিনটি এবং অর্শদীপ সিং দুটি উইকেট নেন।
১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ইনিংস শুরু থেকেই ভেঙে পড়ে। একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত দলটি গুটিয়ে যায় ১১১ রানে। ভারতের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন শিবম দুবে।
দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণে সামনে থেকে নেতৃত্ব দেন মার্কো ইয়ানসেন, যিনি নেন চারটি উইকেট। এছাড়া কেশব মহারাজ তিনটি এবং করবিন বশ দুটি উইকেট শিকার করেন।








































