
কারওয়ান বাজারের কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির উদ্যোগে সংবাদ সম্মেলন
রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ করতে হলে সরকারের সহযোগিতা দরকার বলে মন্তব্য করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কারওয়ান বাজারের কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির উদ্যোগে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এমপি সাইফুল আলম খান মিলন বলেন, ‘এই চাঁদাবাজি বন্ধ করতে হলে সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রীর সহযোগিতা দরকার। আমি তো এই চাঁদাবাজি বন্ধের জন্য আমার লোকজনকে নামাতে পারি না।’
তবে, চাঁদাবাজির সঙ্গে কারা জড়িত, কীভাবে চাঁদাবাজি হচ্ছে বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত বলেননি।
তিনি বলেন, ‘আজ থেকে এই বাজারে তেল, চাল, ডাল, লেবু, ট্যাংক, চিনি, খেজুর, মাংসসহ নিত্যপণ্যের দাম পাইকারি দাম কমবে এবং তার প্রভাব খুচরা বাজারে পড়বে।’
সংবাদ সম্মেলনের আগে তিনি এই বাজারের ব্যবসায়ীদের সাথে বসেন এবং তারা তাকে আশ্বস্ত করেছেন তারা নিত্যপণ্যের পাইকারি দামে ১ থেকে ৫ টাকা পণ্যভেদে আরও বেশি কমাবেন বলে তারা তাকে কথা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে কারওয়ান বাজারের কিচেন মার্কেটের নেতা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীরা জানান, চাঁদাবাজি কমলে পণ্যের দাম আরও কমানো সম্ভব হবে। এক্ষেত্রে তারা গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন।






































