
চতুর্থবারের মতো আয়োজিত এই মেলায় দেশের বিভিন্ন প্রান্তের ৮৮ জন নারী উদ্যোক্তা অংশ নিচ্ছেন
নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্যের প্রসার ও নতুন বাজার তৈরির লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’। চতুর্থবারের মতো আয়োজিত এই মেলায় দেশের বিভিন্ন প্রান্তের ৮৮ জন নারী উদ্যোক্তা অংশ নিচ্ছেন, যাদের স্টল বরাদ্দের যাবতীয় খরচ বহন করছে ব্র্যাক ব্যাংক।
মেলায় বুটিক, হাতে সেলাই করা পোশাক, কারুশিল্প, মাটি ও পাটের পণ্য, জামদানি, মসলিন এবং অর্গানিক স্কিনকেয়ারসহ স্থানীয়ভাবে উৎপাদিত বৈচিত্র্যময় পণ্যের সমাহার থাকবে। দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে বায়োস্কোপ, হাওয়াই মিঠাই এবং ইফতার ও ডিনারের জন্য বিশেষ ফুড কোর্ট। এছাড়া নারী উদ্যোক্তাদের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে যুক্ত করতে মেলায় কিউআর (QR) ও কার্ড পেমেন্ট সুবিধা থাকছে, যেখানে কিউআর পেমেন্টে ক্রেতারা ২০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
আয়োজনটি সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ব্র্যাক ব্যাংক নারী উদ্যোক্তাদের পূর্ণ সম্ভাবনার বিকাশে সব সময় পাশে থাকে। এই মেলার মাধ্যমে তাঁরা দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের সুযোগ পাচ্ছেন। নারী ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নে আমাদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বাড়বে।”
মূলত আসন্ন ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে নারী উদ্যোক্তাদের সৃজনশীলতাকে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই এই প্রদর্শনীর মূল লক্ষ্য।
আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই আয়োজন।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প








































