
সাকিব আল হাসান। ফাইল ছবি
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরতে যাচ্ছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের বিরুদ্ধে থাকা মামলার সব নথিপত্র বিসিবির পক্ষ থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। সরকারের ইতিবাচক মনোভাবের কারণে আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই তাঁর দেশে ফেরার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল সাকিব আল হাসানের মামলার প্রয়োজনীয় সব কাগজপত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে হস্তান্তর করেছেন। বিসিবি পরিচালক আসিফ আকবর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সরকার সাকিবের ব্যাপারে অত্যন্ত ইতিবাচক। খেলা ও রাজনীতিকে আলাদা রাখার বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ঘোষণার পর থেকেই সাকিবকে দেশে ফেরানোর প্রক্রিয়া গতি পায়।
আগামী ১১ মার্চ থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগেই সাকিব দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তবে সিরিজে তাঁর খেলা নিশ্চিত কি না, তা নিয়ে আসিফ আকবর জানান, সাকিবের ফেরা নিশ্চিত হলেও দলে সুযোগ পাওয়া পুরোপুরি নির্ভর করছে নির্বাচকদের সিদ্ধান্তের ওপর। বিসিবি অবশ্য ঘরের মাঠে এই অভিজ্ঞ ক্রিকেটারকে খেলাতে আগ্রহী।
দেশে ফেরার পথ প্রশস্ত হওয়ায় নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন সাকিব আল হাসান। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে নিবিড়ভাবে নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন তিনি। জাতীয় দলে পুনরায় ফেরার এবং রাঙিয়ে দেওয়ার লক্ষ্যেই তিনি এই প্রস্তুতি নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
২০২৪ সালের কানপুর টেস্ট এবং জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর থেকে সাকিবকে দেশের মাটিতে খেলতে দেখা যায়নি। সবকিছু ঠিকঠাক থাকলে প্রায় দুই বছর পর দেশের হয়ে মাঠে নামবেন তিনি। এর মাধ্যমে নিজের ইচ্ছানুযায়ী ঘরের মাঠ থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু করতে পারেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।










































