
ফাইল ছবি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট গঠন করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে এই নতুন কমিটি গঠন সম্পন্ন হয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন এই কমিটিতে সবচেয়ে বড় চমক হিসেবে ছাত্র রাজনীতির আলোচিত দুই মুখ—ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং জিএস এস এম ফরহাদকে কেন্দ্রীয় নেতৃত্বে আনা হয়েছে। সাদিক কায়েমকে আন্তর্জাতিক সম্পাদক এবং এস এম ফরহাদকে কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে আজিজুর রহমান আজাদ এবং মিডিয়া সম্পাদক হিসেবে মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মুসা, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মো. নোমান হোসেন নয়ন, ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন, অর্থ সম্পাদক আনিসুর রহমান, শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম, গবেষণা সম্পাদক মো. ফখরুল ইসলাম, তথ্যপ্রযুক্তি সম্পাদক মেহরাব হাসান, সমাজসেবা সম্পাদক মো. মোন্তাকুর রহমান জাহিদ, তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল, আইন সম্পাদক মোহা. শামীম উদ্দীন, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, ক্রীড়া সম্পাদক মো. মুশফিকুর রহমান এবং জনসংযোগ সম্পাদক নুমায়ের আব্দুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৪৭ জন কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম নির্বাচিত সদস্যদের সঙ্গে পরামর্শ করে আরও ১৫ জনকে মনোনীত করেন। এই মোট ৬২ সদস্যের কার্যকরী পরিষদের পরামর্শেই ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ সেক্রেটারিয়েট গঠন করা হয়। সেশনটিতে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন সিবগাতুল্লাহ।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের ১২৩তম শহীদ রেজবুল হক প্লাবনের পিতা মো. আজাদুল ইসলাম।
নবনির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের উদ্দেশ্যে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, আগামী দিনের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই পরিষদকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি দেশ ও জাতির কল্যাণে জনশক্তিকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। দিনব্যাপী এই অধিবেশনে বার্ষিক পরিকল্পনা অনুমোদন এবং অঞ্চল পরিচালক নির্ধারণসহ সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।








































