
বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন রেজাউল করিম বাদশা। তিনি বর্তমানে বগুড়া জেলা বিএনপির সভাপতি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে তাঁর নাম চূড়ান্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।
এ ছাড়া বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এক ফেসবুক পোস্টে রেজাউল করিম বাদশার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭—দুটি আসন থেকেই নির্বাচিত হন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে একটি আসন ছাড়তে হলে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। পরে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
সদ্য সমাপ্ত নির্বাচনে বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নিরঙ্কুশ জয় পান তারেক রহমান। তিনি পেয়েছিলেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবিদুর রহমান পান ৯৭ হাজার ৬২৬ ভোট।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। নির্বাচনে ভোট পড়েছিল ৭১ দশমিক ৩ শতাংশ। তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।









































