
কবি মোহন রায়হান
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার–২০২৫ গ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কবি মোহন রায়হান। রোববার (১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মোহন রায়হান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাপচারিতায় তিনি ও তার সহযাত্রীরা লেখকসমাজের প্রধান দাবি হিসেবে মতপ্রকাশের স্বাধীনতা ও কলমের স্বাধীনতার বিষয়টি তুলে ধরেছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভালো কাজকে উৎসাহ দেওয়া এবং ভুল হলে সমালোচনা গ্রহণ করার আশ্বাস পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন। সেই আশ্বাসের প্রতি আস্থা রেখেই তিনি পুরস্কার গ্রহণে সম্মত হয়েছেন বলে জানান।
তবে পুরস্কারের অর্থ ব্যক্তিগতভাবে গ্রহণ করবেন না বলে স্পষ্ট করেন কবি। তিনি বলেন, এই অর্থ যেন আর্থিকভাবে অসচ্ছল কোনো কবি, লেখক বা সাংস্কৃতিক কর্মীর কল্যাণে ব্যয় করা হয়—এমন প্রত্যাশা তার।
পুরস্কার গ্রহণের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকতে পারে স্বীকার করে মোহন রায়হান বলেন, তিনি বিভক্তির পরিবর্তে ঐক্য, প্রতিশোধের বদলে প্রজ্ঞা এবং অপমানের পরিবর্তে মর্যাদাকে প্রাধান্য দিতে চান। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বৃহত্তর স্বার্থ বিবেচনায় তিনি এই পুরস্কার গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, এ বিষয়ে “জাতীয় কবিতা পরিষদ”-এর কেন্দ্রীয় কমিটির সভায় আলোচনা হয়। সেখানে অধিকাংশ সদস্য পুরস্কার গ্রহণের পক্ষে মত দেন।
মোহন রায়হান বলেন, তিনি কোনো পদক বা অর্থের লোভে এ সিদ্ধান্ত নেননি; বরং দীর্ঘ সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবেই এই সম্মান গ্রহণ করতে চান।
তিনি আরও অনুরোধ জানান, নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর হাত থেকেই যেন তিনি পুরস্কার গ্রহণ করতে পারেন। প্রয়োজনে তারিখ পরিবর্তন করে হলেও অনুষ্ঠানের মর্যাদা বজায় রাখার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার–২০২৫-এর জন্য মোট নয়জন লেখককে মনোনীত করা হয়। গত বৃহস্পতিবার অন্যদের পুরস্কার দেওয়া হলেও মোহন রায়হানের পুরস্কার প্রদান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। সংস্কৃতি মন্ত্রণালয় তার বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগ পর্যালোচনার কথা জানায়। পরে সিদ্ধান্ত হয়, আগামী ২ মার্চ বাংলা একাডেমিতে তাকে পুরস্কার প্রদান করা হবে।








































