
এসএমই ফাউন্ডেশন ও উইনরক ইন্টারন্যাশনাল
মানব পাচার থেকে ফিরে আসা নারীদের স্বাবলম্বী করে তুলতে এবং তাদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে একজোট হয়েছে এসএমই ফাউন্ডেশন ও উইনরক ইন্টারন্যাশনাল। ২ মার্চ ২০২৬, সোমবার সংস্থা দুটির মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং উইনরক ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর দীপ্তা রক্ষিত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় পাচার ফেরত নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পাঁচটি বিশেষ ক্ষেত্রে কাজ করা হবে। এর মধ্যে রয়েছে দক্ষতা উন্নয়ন, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ, অর্থায়ন নিশ্চিত করা, সরকারি সহায়তা সহজলভ্য করা এবং একটি টেকসই সহায়তা মডেল তৈরি। সমঝোতা অনুসারে, এই নারীদের ব্যবসা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা এবং ডিজিটাল মার্কেটপ্লেস তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া মেলা আয়োজন ও ক্রেতা-উদ্যোক্তা সংযোগ তৈরির মাধ্যমে তাদের পণ্যের প্রচার ও প্রসারেও সহায়তা করবে সংস্থা দুটি।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় এসএমই খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে এই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ এবং শিল্প খাতের মোট কর্মসংস্থানের ৮৫ শতাংশই সিএমএসএমই খাতের।
এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে প্রায় ২০ লাখ উদ্যোক্তাকে সহায়তা প্রদান করেছে, যার বড় একটি অংশই নারী। নতুন এই উদ্যোগের ফলে পাচার হওয়া নারীরা সমাজের মূলধারায় ফেরার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ পাবেন।
বাংলা টেলিগ্রাফ ভিজয়াল





































