শুক্রবার । মার্চ ১৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩ মার্চ ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ন
শেয়ার

ঈদযাত্রায় বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু


bus-train-ticket

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার্থে আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে ট্রেন ও দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীচাপ সামলাতে এবং সার্ভারের জটিলতা এড়াতে অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন সময়ে টিকিট ছাড়ার ব্যবস্থা করা হয়েছে।

রেলওয়ের নিয়ম অনুযায়ী, পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাচ্ছে। যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করতে পারবেন।

আজ ৩ মার্চ পাওয়া যাচ্ছে ১৩ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে আগামী ৪ থেকে ৯ মার্চ পর্যন্ত ১৪ থেকে ১৯ মার্চের টিকিট বিক্রি করা হবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৩ মার্চ থেকে। এ সময়ে ২৩ থেকে ২৯ মার্চের টিকিট পর্যায়ক্রমে ছাড়া হবে।

ঈদের অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে রেল কর্তৃপক্ষ ২০টি স্পেশাল ট্রেন যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া পাহাড়তলী ওয়ার্কশপ থেকে আরও ৪৭টি অতিরিক্ত এমজি কোচ সার্ভিসে যুক্ত করা হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে যারা অনলাইনে টিকিট পাবেন না, তাদের জন্য যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ ‘স্ট্যান্ডিং’ বা আসনবিহীন টিকিট বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া আজ থেকেই শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। যাত্রীরা ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের টিকিট সংগ্রহ করতে পারবেন। বাস কাউন্টার এবং অনলাইন—উভয় মাধ্যমেই এই টিকিট পাওয়া যাচ্ছে। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা সহজেই তাদের পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারছেন।