
মাসুম বিল্লাহ
খুলনায় শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ডাকবাংলো মোড় এলাকায় একটি বাটা শোরুমের ভেতরে এ হত্যাকাণ্ড ঘটে।
ঘটনাস্থল থেকে বিদেশি একটি নাইন এমএম পিস্তলসহ অশোক নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
নিহত মাসুম বিল্লাহ ছিলেন রূপসা উপজেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক আহ্বায়ক। তিনি গত সরকারের সময় বন্দুকযুদ্ধে নিহত নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা ওরফে মিনা কামালের ছোট ভাই। তাঁর বাড়ি রূপসা উপজেলার বাগমারা পেট্রোল পাম্পের পাশে।
এ ঘটনায় খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, বুধবার রাতে মা ও মেয়েকে নিয়ে ঈদের কেনাকাটা করতে ডাকবাংলো মোড়ে যান মাসুম বিল্লাহ। এ সময় সাতজন সন্ত্রাসী শোরুমে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এবং কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পালানোর সময় একজনকে ঘটনাস্থল থেকেই নাইন এমএম পিস্তলসহ আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। উপকমিশনার তাজুল ইসলাম আরও জানান, আটক অশোক তার সঙ্গে থাকা অন্যদের নাম–পরিচয় প্রকাশ করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, সে খুলনার একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।







































