মঙ্গলবার । মার্চ ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৮ মার্চ ২০২৬, ৭:২৭ অপরাহ্ন
শেয়ার

সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা


Ministry of Education

ফাইল ছবি

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (৮ মার্চ) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এখন জাতীয় পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে পবিত্র রমজান উপলক্ষে ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদুল ফিতরের ছুটির সময় পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— দিনের বেলা প্রাকৃতিক আলো ব্যবহার করে বৈদ্যুতিক বাতির ব্যবহার কমানো, প্রয়োজন ছাড়া লাইট ও ফ্যান বন্ধ রাখা এবং এয়ার কন্ডিশনার ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে ব্যবহার করা।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অফিস কক্ষ ত্যাগের সময় সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখতে হবে। পাশাপাশি করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো ব্যবহার বন্ধ রাখতে বলা হয়েছে।

এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার, অফিস শেষে সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা, অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার এবং যানবাহনের ব্যবহার সীমিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় দেশের সব বিশ্ববিদ্যালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।