মঙ্গলবার । মার্চ ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১০ মার্চ ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন
শেয়ার

এক শ্রেণির রাজনৈতিক দল সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে: মির্জা আব্বাস


abbas

ছবি: সংগৃহীত

নতুন সরকার কাজ শুরু করতে না করতেই এক শ্রেণির রাজনৈতিক দল তাদের ব্যর্থ প্রমাণের অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর শায়লা হাফিজ মিলনায়তনে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ইউনিট বিএনপি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, নির্বাচনের পরপরই বর্তমান সরকার জনগণের আন্দোলনের দাবির অংশ হিসেবে মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রায় ৩৬ হাজার জনকল্যাণমূলক সুবিধা চালু করেছে। পর্যায়ক্রমে আরও সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

তিনি আক্ষেপ করে বলেন, সরকার একেবারেই নতুন হওয়া সত্ত্বেও কিছু মানুষ এমনভাবে সমালোচনা করছে যেন এটি ১৭ বছরের পুরনো কোনো সরকার। অথচ একটি সরকারকে স্থিতিশীল হয়ে কাজ শুরু করার জন্য ন্যূনতম সময় দেওয়া প্রয়োজন।

বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক এই সংকটের কারণে কিছু সমস্যা হওয়া স্বাভাবিক, কিন্তু এটিকে পুঁজি করে সরকারকে বিব্রত করা দেশের উন্নয়নের পথে অন্তরায়।

উন্নয়নের প্রকৃত সংজ্ঞা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, উন্নয়ন মানে কেবল রাস্তা ঘাট বা বড় সেতু নির্মাণ নয়; মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার নিশ্চয়তা বিধান করাও উন্নয়নের অপরিহার্য অংশ। দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে তিনি হলি ফ্যামিলি হাসপাতালের ঐতিহ্য স্মরণ করেন।

তিনি বলেন, একসময় এখানে বিদেশি চিকিৎসকরাও দায়িত্ব পালন করেছেন। হাসপাতালটি সুন্দর ও বিস্তৃত জায়গায় গড়ে উঠেছে। তার মতে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর পর এত বড় জায়গা নিয়ে গড়ে ওঠা হাসপাতাল খুব কম রয়েছে।

চিকিৎসকদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, মানুষের সেবা করা একদিকে পেশা, অন্যদিকে এটি খেদমতের কাজ। এই দুটি বিষয় একসঙ্গে ধরে রেখে চিকিৎসা সেবার মান আরও উন্নত করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে চিকিৎসা খাতে কয়েকটি ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বিশেষ করে হার্টের অপারেশন, চোখের চিকিৎসা, দাঁতের চিকিৎসা ও ডায়াবেটিস চিকিৎসায় দেশ এগিয়ে গেছে। এমনকি ডায়াবেটিস চিকিৎসার জন্য প্রতিবেশী দেশ থেকেও রোগীরা বাংলাদেশে আসেন।

শেষে তিনি আশা প্রকাশ করেন, উন্নত চিকিৎসা ও সেবার মাধ্যমে চিকিৎসকরা দেশ ও জাতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং সরকার ও দেশের মানুষের পাশে থাকবেন।