
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পদে বড় পরিবর্তন আনা হয়েছে। দলীয় নির্দেশনা লঙ্ঘনের দায়ে অধ্যাপক ডা. মাহমুদুল হাসানকে অব্যাহতি দিয়ে তাঁর স্থলে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানকে নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতির মাধ্যমে এই সাংগঠনিক পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন।
বিবৃতিতে জানানো হয়, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে একটি চিঠি পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছিল সাবেক উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসানকে। কিন্তু গত ২২ ফেব্রুয়ারি পাঠানো ওই চিঠিতে তিনি আমিরের মূল নির্দেশনার বাইরে গিয়ে এমন কিছু ব্যক্তিগত প্রস্তাব ও বিষয় যুক্ত করেন, যা দলীয় অবস্থানের পরিপন্থী ছিল। এই শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত ২ মার্চ তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং ব্যারিস্টার আরমানকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়।
পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো ওই চিঠিতে প্রস্তাব করা হয়েছিল যে, বিরোধীদলীয় নেতার (জামায়াত আমির) পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘পররাষ্ট্রমন্ত্রী পদমর্যাদায়’ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হোক। চিঠিতে দাবি করা হয়, এর ফলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে এবং সরকারের কাছে বিরোধী দলের অবস্থান সঠিকভাবে তুলে ধরা সম্ভব হবে। চিঠিতে ডা. মাহমুদুল হাসানের দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করার দক্ষতার কথা উল্লেখ করে তাঁকে বিশেষ বিবেচনায় নিয়োগের অনুরোধ জানানো হয়েছিল।
জামায়াতের ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক আচরণে বিশ্বাসী। কোনো বিষয়ে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি তৈরি হলে আমরা তা দ্রুত সংশোধনের নীতিতে বিশ্বাস করি। এই ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি এ নিয়ে আর কোনো বিভ্রান্তির অবকাশ নেই বলে উল্লেখ করেন।
বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় তিনজন—পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দায়িত্ব পালন করছেন।








































