বুধবার । মার্চ ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১১ মার্চ ২০২৬, ৬:০৯ পূর্বাহ্ন
শেয়ার

স্ত্রীর নামে ১৫ কোটি টাকার সম্পদ রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান


Asaduzaman-Khan

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ তাঁর স্ত্রী লুৎফুল তাহমিনার নামে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে এ তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম গণমাধ্যমকে জানান, তাহমিনার নামে প্রায় ১৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া তাঁদের যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে প্রায় ২১ কোটি ৫২ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে।

এ ঘটনায় ২০২৪ সালের ৯ অক্টোবর তাহমিনাকে প্রধান আসামি ও কামালকে সহযোগী আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগপত্র সম্প্রতি দুদক অনুমোদন দিয়েছে এবং শিগগিরই তা আদালতে দাখিল করা হবে।

তদন্তে দেখা যায়, তাহমিনার নামে মোট ১৮ কোটি ৪৩ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। পারিবারিক ব্যয়সহ তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ২০ কোটি ৯৯ লাখ টাকা। এর বিপরীতে বৈধ আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ৫ কোটি ২২ লাখ টাকা। ফলে প্রায় ১৪ কোটি ৮৬ লাখ ৯৭ হাজার টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

দুদক বলছে, সরকারি ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ স্ত্রীর নামে রাখতে কামাল প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন। তদন্তে তাহমিনার নামে ফ্ল্যাট, জমি, দোকান, ব্যবসার শেয়ার, ব্যাংকে জমা টাকা, এফডিআর, সঞ্চয়পত্র ও যাত্রীবাহী বাসসহ বিভিন্ন সম্পদের তথ্য পাওয়া গেছে।