বৃহস্পতিবার । মার্চ ১২, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ১২ মার্চ ২০২৬, ২:৩২ অপরাহ্ন
শেয়ার

বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন মেজর হাফিজ


Speaker Hafiz Uddin

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে স্পিকারের দায়িত্ব নিয়ে দেওয়া প্রারম্ভিক বক্তব্যে তিনি নিজেই এ কথা জানান।

তিনি বলেন, স্পিকার জাতীয় সংসদের একটি নিরপেক্ষ আসন। আপনাদের জানাতে চাই, নিজেকে নিরপেক্ষ রাখতে আমি ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছি।

এর আগে সকাল ১১টায় স্পিকার ছাড়াই শুরু হয় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। আগের স্পিকার নিখোঁজ ও ডেপুটি স্পিকার কারাগারে থাকায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনে সভাপতিত্ব করার জন্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন।

বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলের পক্ষ থেকে বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার প্রস্তাব সমর্থন করেন।

এরপর ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। তার সভাপতিত্বে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়।

পরবর্তিতে স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।