বৃহস্পতিবার । মার্চ ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১২ মার্চ ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
শেয়ার

সংসদ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা


jatia-sangsad

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী রোববার (১৫ মার্চ) সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে এই ঘোষণা দেন। ওই দিন সকাল ১১টায় সংসদের দ্বিতীয় কার্যদিবসের কার্যক্রম শুরু হবে।

এর আগে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১১টায় ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে সমর্থিত হয়। একইভাবে ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম ঘোষণা করা হয়। নির্বাচনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।

অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী ভাষণ প্রদান করেন। পরবর্তীতে স্পিকারের সভাপতিত্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিগত দিনে মৃত্যুবরণকারী সংসদ সদস্য ও জাতীয় নেতাদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

তবে বিকেলের সেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ শুরু করলে সংসদে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। রাষ্ট্রপতির ভাষণ শুরু হওয়ার পরপরই বিরোধীদলীয় সংসদ সদস্যরা তাঁকে ‘জুলাইয়ের গাদ্দার’ আখ্যায়িত করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে জামায়াতে ইসলামী ও এনসিপির সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে সংসদ কক্ষ থেকে ওয়াক আউট করেন। উদ্ভূত পরিস্থিতির মধ্যেই স্পিকার অধিবেশন আগামী রোববার পর্যন্ত মুলতবি করার ঘোষণা দেন।