
ছবি: সংগৃহীত
ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানে থাকা ছয়জন ক্রুই নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বিষয়টি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো তদন্তাধীন রয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানটি শত্রুপক্ষের কোনো হামলার কারণে বিধ্বস্ত হয়নি।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নিহত ছয়জন ক্রু সদস্যের পরিচয় তাদের পরিবারের সদস্যদের অবহিত করার ২৪ ঘণ্টা পর প্রকাশ করা হবে। সামরিক নিয়ম অনুযায়ী পরিবারের সদস্যদের আগে জানানো শেষে আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হবে।
এর আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, দুর্ঘটনার পর চারজন ক্রু সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং নিখোঁজ দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে। পরে উদ্ধার কার্যক্রম শেষে নিশ্চিত হওয়া যায়, বিমানে থাকা ছয়জনই নিহত হয়েছেন।
উল্লেখ্য, কেসি-১৩৫ মূলত আকাশে ওড্ডয়নরত অবস্থায় অন্য যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহ বা রিফুয়েলিংয়ের কাজে ব্যবহৃত হয়। ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক অভিযানে এই ধরনের বিমানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এমন এক সময়ে এই দুর্ঘটনা ঘটলো যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সামরিক তৎপরতা অনেক বেশি।





































