
ডিসিপি জটিলতার কারণে ঈদের প্রথম দিন রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেলেও প্রদর্শিত হয়নি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। ফলে প্রথম দিন ছবিটি দেখতে না পেরে অনেক দর্শক হতাশ হন এবং অনেকে বিকল্প সিনেমা দেখেন।
তবে দ্বিতীয় দিন রাতেই সমস্যার সমাধান হওয়ায় স্টার সিনেপ্লেক্সের সব শাখায় প্রদর্শনী শুরু হয় প্রিন্স। রাত ৮টা ১০ মিনিটের শো শুরু হতেই মুহূর্তের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায় বলে জানা গেছে।
দর্শকদের ব্যাপক আগ্রহ ও উন্মাদনা দেখে ধারণা করা হচ্ছে, ঈদ মৌসুমে বক্স অফিসে ভালো সাড়া ফেলতে পারে ছবিটি। এদিকে দর্শকের চাহিদা বিবেচনায় অতিরিক্ত শো বাড়ানোর কথাও ভাবছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
পরিচালক আবু হায়াত মাহমুদ নির্মিত ‘প্রিন্স’ দেশের সর্বোচ্চ ১৩৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, মুক্তির আগেই অগ্রিম বুকিং ও রেন্টাল থেকে কয়েক কোটি টাকা আয় করেছে ছবিটি।
প্রথম দিনের ধাক্কা কাটিয়ে দ্বিতীয় দিন থেকেই সারা দেশে জমজমাটভাবে চলছে সিনেমাটি।







































