
ছবি: সংগৃহীত
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াতে ১২৫ আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষের বরাতে জানা যায়, বিমানটি দেশটির দক্ষিণাঞ্চলের আমাজন অঞ্চলের পুয়ের্তো লেগুইজামো এলাকা থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। বিমানে মোট ১২৫ জন আরোহী ছিলেন, যার মধ্যে ১১ জন বিমানবাহিনীর সদস্য এবং ১১৪ জন সেনাসদস্য।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানান, উড্ডয়নের মাত্র দেড় কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়। এরপর এতে আগুন ধরে যায় এবং বহনকৃত গোলাবারুদ বিস্ফোরিত হওয়ায় ক্ষয়ক্ষতি আরও বাড়ে। তবে এটি কোনো সশস্ত্র গোষ্ঠীর হামলা নয় বলেও নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।
এদিকে, গুস্তাভো পেত্রো এই ঘটনাকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, আহতদের চিকিৎসা চলছে এবং এখনও কিছু মানুষের অবস্থার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই দুর্ঘটনার ফলে চিকিৎসা ব্যবস্থার ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় পর্যায়ে সহায়তা চাওয়া হয়েছে এবং আহতদের সরিয়ে নিতে সামরিক বাহিনীর একাধিক বিমান মোতায়েন করা হয়েছে।





































