মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৪ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শেয়ার

ঈদে পর্দায় চার নায়িকার লড়াই: কে কোথায় এগিয়ে?


tushi

জনপ্রিয় অভিনেত্রী—পূজা চেরী, সাবিলা নূর, নাজিফা তুষি ও তাসনিয়া ফারিণ

চলতি ঈদের সিনেমা বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ঢাকাই সিনেমার চার জনপ্রিয় অভিনেত্রী—পূজা চেরী, নাজিফা তুষি, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। একেকজন একেক ঘরানার চরিত্রে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন।

ক্যারিয়ারের এক যুগ পার করলেও পূজা চেরী এবার নিজেকে ভেঙেছেন নতুন করে। রেদওয়ান রনির ‘দম’ সিনেমার জন্য অডিশন দিয়ে তিনি রীতিমতো চমক দিয়েছেন। ‘জ্বীন’ বা ‘লিপিস্টিক’-এর মতো আগের সিনেমাগুলো খুব একটা সাড়া না জাগালেও, ‘দম’-এর ‘রানী’ চরিত্রে আফরান নিশোর সঙ্গে তার রসায়ন ও আবেগঘন অভিনয় দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। নির্মাতা রনির মতে, চরিত্রের প্রতি নিবেদনই পূজাকে এই সাফল্য এনে দিয়েছে।

‘হাওয়া’র সাফল্যের পর দীর্ঘ বিরতি ভেঙে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে ফিরেছেন নাজিফা তুষি। ‘রেশমা’ চরিত্রে তার অভিনয় ও প্রস্তুতির গল্প এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তুঙ্গে। চিত্রনাট্যকারদের মতে, চরিত্রের প্রয়োজনে বোরকা পরে ঘুরে বেড়ানো থেকে শুরু করে নতুন অ্যাকসেন্ট রপ্ত করা—তুষির এই পরিশ্রম পর্দায় সফলভাবে ফুটে উঠেছে। সামনে তাকে ‘রইদ’ সিনেমাতেও দেখা যাবে।

তাসনিয়া ফারিণকে এবার দেখা গেছে মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ ছবিতে। এর আগে ‘ফাতিমা’ বা ‘আরও এক পৃথিবী’তে প্রশংসিত হলেও, বাণিজ্যিক ঘরানার এই ছবিতে ফারিণকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দর্শকদের অনেকের মতে, শাকিব খানের পাশে তাকে আরও একটু বেশি স্ক্রিন টাইম দিলে হয়তো তার সেরাটা বেরিয়ে আসত। মূলধারার সিনেমায় ফারিণের ম্যাজিক দেখতে হয়তো আরও কিছুটা অপেক্ষা করতে হবে।

‘তাণ্ডব’-এর পর সাবিলা নূর এবার হাজির হয়েছেন তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’-এ। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ‘চিত্রা’ চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি অন্য একটি সিনেমার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন। তারকাবহুল এই সিনেমায় সাবিলার সাবলীল অভিনয় দর্শকদের নজর কেড়েছে। হল ভিজিটে গিয়ে সাবিলা জানিয়েছেন, টিমওয়ার্কের কারণেই ছবিটি নিয়ে তিনি দারুণ আশাবাদী।