
ফাইল ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ চারটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদমর্যাদার কর্মকর্তাদের রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক অফিস আদেশের মাধ্যমে এই বদলির তথ্য জানানো হয়।
উপ-পুলিশ কমিশনার আমীর খসরু স্বাক্ষরিত ওই অফিস আদেশে জানানো হয়, উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে ডিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে।
অন্যদিকে, ডিএমপি লাইনওয়ারের কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলামকে বনানী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া একই বিভাগের অপর কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, জনস্বার্থে জারিকৃত এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।









































